হাওড়া জেলায় জল জীবন মিশন প্রকল্পের কাজ পরিদর্শন কেন্দ্রীয় প্রতিনিধি দলের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- জল জীবন মিশন প্রকল্পে হাওড়া জেলার কাজ সরজমিনে খতিয়ে দেখলেন দুই সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা উলুবেড়িয়া ১ নং ব্লকের জল প্রকল্প পরিদর্শন করার পাশাপাশি শ্যামপুরের কাজ খতিয়ে দেখেন। পরে শনিবার হাওড়ায় জেলা প্রশাসনের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন।শুক্রবার প্রতিনিধি দলের সদস্যরা কালীনগর জল প্রকল্প পরিদর্শনের পাশাপাশি ধুলাসিমলা গ্রাম পঞ্চায়েতের কর্তাদের এবং এলাকার মানুষের সঙ্গে কথা বলেন। এরপর শ্যামপুর ১ নং ব্লকে গিয়েও মানুষের সঙ্গে কথা বলেন।

জানা গেছে উলুবেড়িয়া ১ নং ব্লকের কালীনগরে ১৩০০ কোটি টাকা ব্যায়ে সারফেস ওয়াটার প্রকল্পের কাজ চলছে। ইনটেক জেটির মাধ্যমে হুগলী নদী থেকে জল তুলে সেই জল পরিশোধন করে পাইপ লাইনের মাধ্যমে উলুবেড়িয়া ১ নং ব্লক ছাড়াও শ্যামপুর ১ ও ২ নং ব্লকের সমগ্র এলাকা এবং বাগনান ১ ও ২ নং ব্লকের আংশিক এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়া হবে। প্রায় ২ লাখ ২০ হাজার পরিবার উপকৃত হবেন। জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে খবর ২০২৫ সালের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা।

হাওড়া জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজয় ভট্টাচার্য্য জানান প্রকল্পের কাজ দেখে তারা সন্তোষ প্রকাশ করেছেন। আমরা প্রকল্পে কেন্দ্রের টাকা বন্ধের বিষয়টি জানিয়েছি।


