পুরসভার পানীয় জল দিয়ে ঢালাই করার অভিযোগ উলুবেড়িয়ায়

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- অনুষ্ঠানের নাম করে পানীয় জলের ট্যাঙ্ক নিয়ে এসে সেই জল দিয়ে ঢালাইয়ের অভিযোগ উঠল উলুবেড়িয়া পুরসভার ৩১ নং ওয়ার্ডের গঙ্গারামপুরে।যদিও বিষয়টি নজরে আসতেই বৃহস্পতিবার সকালে পুরসভার চেয়ারম্যান অভয় দাস ঘটনাস্থলে পৌছে কাজ বন্ধের পাশাপাশি পানীয় জলের ট্যাঙ্ক সরবরাহের কাজে নিযুক্ত কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন। জানা গেছে গঙ্গারমপুর মোড় এলাকায় মেদিনীপুর ক্যানেলের পাড় দখল করে বেশকিছুদিন ধরে বেআইনি দুটি বিল্ডিং নির্মানকাজ চলছে। অভিযোগ বিল্ডিং এর ঢালাইয়ের কাজে পুরসভার পানীয় জল ব্যবহার করা হয়েছে। এদিকে পুরসভার পানীয় জল দিয়ে বেআইনি নির্মানকাজ হচ্ছে এই বিষয়টি নজরে আসার পরেই বৃহস্পতিবার বেলায় দ্রুত ঘটনাস্থলে যান চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান এবং জল দপ্তরের চেয়ারম্যান ইন কাউন্সিল আকবর শেখ। তদন্তে বেশ কিছু অনিয়ম ধরা পড়ে। আর এরপরেই ঘটনাস্থল থেকে জল দপ্তরের এক কর্মীকে সাসপেন্ড করার নির্দেশ দেন চেয়ারম্যান অভয় দাস। সেইসঙ্গে নির্মানকাজ বন্ধ করার পাশাপাশি মালপত্র বাজেয়াপ্ত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন অভয় দাস।

চেয়ারম্যান অভয় দাস জানান যেকোন অনুষ্ঠানে আবেদনের ভিত্তিতে জলের ট্যাঙ্ক সরবরাহ করা হয়ে থাকে। জল দপ্তরের কর্মী শ্রীমন্ত আদকের কাজে গাফিলতি প্রমানিত হওয়ায় তাকে সাসপেন্ড করা হয়েছে। সেই সঙ্গে বেআইনি নিমানকাজে পানিীয় জল ব্যবহারে অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।


