হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আগামীদিনে হাওড়া গ্রামীন জেলা জুড়ে সবুজায়ন করার লক্ষ্যে হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে জেলা জুড়ে গাছ বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর এই লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে শুধু গাছ বসালেই হবেনা। সেই গাছকে বাঁচিয়ে রাখার দায়িত্ব ও আমাদের নিতে হবে। তবেই এই লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব। বৃ্হস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসে হাওড়া গ্রামীন জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্দ্যেশে এই বার্তা দিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। এদিন নির্মিয়মান উলুবেড়িয়া থানা চত্বরে বিশ্ব পরিবেশ দিবসের অনুষ্ঠানে যোগ দিতে এসে এই বার্তা দেন মন্ত্রী পুলক রায়।

এদিন মন্ত্রী বলেন পরিবেশ দূষণ রোধে আমাদের সকলকে সজাগ থাকতে হবে। পুলিশ সমাজের বন্ধু হিসাবে বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে যেভাবে জেলা জুড়ে গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে সেইজন্য জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ দেন মন্ত্রী পুলক রায়। অন্যদিকে জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান হাওড়া গ্রামীন জেলা জুড়ে সবুজায়ন করার লক্ষ্যে প্রাথমিকভাবে ৫হাজার গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বিভিন্ন বিদ্যালয়, সংগঠনের পাশাপাশি বিভিন্ন গ্রামপঞ্চায়েতের মাধ্যমে এই গাছ লাগানো হবে। আগামী জুলাই মাসের মধ্যে হাওড়া গ্রামীন জেলা জুড়ে আরোও ১৫ হাজার গাছ লাগানোর পরিকল্পনা আছে বলে জানান পুলিশ সুপার সুবিমল পাল। এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন থানা চত্বরে গাছ বসান মন্ত্রী পুলক রায় ও পুলিশ সুপার সুবিমল পাল। এদিনের এই অনুষ্ঠানে জৈজুড়ি উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয়। এদিন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ, উলুবেড়িয়া কলেজে এবং উলুবেড়িয়া পুরসভায় গাছ বসানো হয়।

