বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবসে বাঘরোল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- বিশ্ব প্রকৃতি সংরক্ষন দিবসে উলুবেড়িয়া থানার পীরপুর মালিকপাড়া থেকে উদ্ধার হওয়া একটি বাঘরোলকে পরিবেশে মুক্ত করে দেওয়া হল। জানা গেছে রবিবার রাতে পীরপুর মালিকপাড়ার বাসিন্দা উত্তম মালিকের বাড়ির বাথরুমে একটি বাঘরোল ঢুকে পড়ে। সোমবার সকালে গ্রামবাসীরা বাথরুমের ভিতর বাঘরোলটিকে দেখে বাঘ বাঘ বলে চারিদিকে ভুল বার্তা ছড়ায়। পরে বাগনান কলেজের ইতিহাস বিভাগের ছাত্রী মানসী দোলুই বন্যপ্রান সংরক্ষনকারী চিত্রক প্রামানিক এবং সুমন্ত দাসকে বিষয়টি জানান। এরপরেই তিনজন গ্রামে যায়। তারা বন দপ্তরকে বিষয়টি জানায়।

এরপর বনদপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌছে বাঘরোলটিকে উদ্ধার করে। অন্যদিকে বাঘরোলটি উদ্ধার হওয়ার পর গ্রামবাসীরা সেটিকে চিড়িয়াখানায় দেওয়ার কথা বললেও বন্যপ্রান সংরক্ষনকারীরা গ্রামবাসীদের পরিবেশে বাঘরোলের গুরুত্ব বোঝানের পর বাঘরোলটিকে গ্রামে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পরে বন দপ্তরের উলুবেড়িয়ার রেঞ্জ অফিসার রাজেশ মুখোপাধ্যায়ের তত্বাবধানে স্থানীয় ব্লক পশু চিকিৎসা কেন্দ্র থেকে একজন পশু চিকিৎসক সেখানে আসার পর বাঘরোলটিকে পর্যবেক্ষন করার পর তাকে পরিবেশে ছেড়ে দেওয়া হয়।


