শ্যামপুরের বাগান্ডায় লরির চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বাড়ি থেকে বেরিয়ে নিজের দোকানে যাওয়ার সময় ইট বোঝাই লরির চাকার তলায় পিষ্ঠ হয়ে মৃত্যু হল এক যুবকের। বুধবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়া শ্যামপুর রোডে বাগান্ডা মনসাতলায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত যুবকের নাম শেখ মনিরুল ইসলাম (২৮)। বাড়ি শ্যামপুর থানার অমৃতশাল এলাকায়। শ্যামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে প্রতিদিনের মত এদিন সকাল ৬ টা নাগাদ মনিরুল ৫৮ গেট এলাকায় তার দোকানে যাওয়ার জন্য বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিল। বাগান্ডা মনসাতলার কাছে রাস্তার পাশে জমা করে রাখা মাটিতে আচমকা বাইকের চাকা পিছলে গেলে মনিরুল রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় ৫৮ গেটের দিক থেকে আসা একটি ইট বোঝাই লরি তাকে চাপা দেয়। লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার পর এলাকায় সময় উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে শ্যামপুর ও উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পানীয় জলের পাইপ লাইন মেরামতির জন্য রাস্তার পাশে মাটি খোঁড়া হয়েছিল। যদিও কাজ শেষ করার পর সেই মাটি আর ফেলা হয়নি। তার উপর বৃষ্টিতে এলাকা কাদা হয়েছিল। এদিন সকালে ওই যুবক বাইক নিয়ে যাওয়ার সময় ওই কাদায় বাইকের চাকা পিছলে যায়। আর তাতেই এই দুর্ঘটনা। পুলিশ লরিটিকে আটক করলেও চালক পলাতক।


