১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দায় পুলিশের গাড়িতে ম্যাটাডোরের ধাক্কা,মৃত পুলিশকর্মী

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- পুলিশের টহলদারি গাড়ির পিছনে দাঁড়িয়ে থাকার সময় ম্যাটাডোরের ধাক্কায়  মৃত্যু হল বাগনান থানার এক কনস্টেবলের। আহত আরো দুই পুলিশ কর্মী। তাদের বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়। দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেল সাড়ে তিনটে নাগাদ ১৬ নং জাতীয় সড়কে বাগনান থানার বরুন্দা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে মৃত কনস্টেবলের নাম রামপদ মন্ডল (৫৬)। তার বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানার ভগবানপুর এলাকায়। পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

            পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বিকেলে পুলিশের গাড়িটি বরুন্দা এলাকায় ১৬ নং জাতীয় সড়কের ধারে কলকাতা মুখি লেনের ধারে দাঁড়িয়ে ছিল। গাড়ির পিছনের দিকে দাঁড়িয়ে ছিলেন রামপদ মন্ডল। সেই সময়ই ম্যাটাডোর গাড়িটি গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রচন্ড গতিতে এসে পুলিশের গাড়ির পিছনের দিকে ধাক্কা মারে। পিষে দেয় রামপদকে। পুলিশের গাড়িটি রাস্তার পাশে ঝোপের ঢুকে যায়। অন্যদিকে ম্যাটাডোরটিও একটি গাছে গিয়ে ফের ধাক্কা মারে।

এদিকে দুর্ঘটনার পর আহতদের দ্রুত নিয়ে যাওয়া হয় বাগনান গ্রামীণ হাসপাতালে। সেখানে চিকিৎসকরা রামপদ মণ্ডলকে মৃত বলে জানান। পুলিশ ম্যাটাডোরটি আটক করেছে। চালক পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে যান হাওড়া গ্রামীণ এলাকার পুলিশ সুপার সুবিমল পাল। তিনি বলেন একটা দুর্ঘটনা ঘটেছে। এক পুলিশকর্মী মারা গিয়েছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। 

     

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *