উলুবেড়িয়ায় রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী পুলক রায়

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- উলুবেড়িয়া দক্ষিন বিধানসভার চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙাগড়া স্পোটিং ক্লাব থেকে রামচন্দ্রপু্র রূপায়ন সংঘ পর্যন্ত রাস্তা বেহাল ছিল। দীর্ঘদিন ধরে রাস্তাটি ঢালাইয়ের দাবি জানিয়ে আসছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে বাসিন্দাদের দাবি মেনে বুধবার রাস্তা ঢালাইয়ের কাজের সূচনা করেন রাজ্যের পূর্ত মন্ত্রী পুলক রায়। প্রশাসন সূত্রে খবর ২১০০ মিটার লম্বা এবং ১০ ফুট চওড়া এই ঢালাই রাস্তা নির্মানে ব্যায় হবে ১ কোটি ৩১ লক্ষ টাকা।

এদিন রাস্তার কাজের সূচনা করে মন্ত্রী পুলক রায় বলেন এলাকার মানুষের বাড়ি বাড়ি বিনামূল্যে পরিশ্রুত পানীয় জল পৌছানোর লক্ষ্যে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর কাজ করছে। এই বছরের শেষে বা নতুন বছরের শেষে এই জল বাড়ি বাড়ি পৌছে দেওয়া হবে বলে জানান মন্ত্রী পুলক রায়। হাওড়া জেলা পরিষদের সদস্য দুলাল কর জানান রাস্তাটি ঢালাই হওয়ায় চন্ডীপুর রামচন্দ্রপুর, ঘটমপুর সহ ৫টি গ্রামের মানুষ উপকৃত হবেন বলে জানান দুলাল কর।


