রাইটারের সাহায্যে পরীক্ষা দিল আহত মাধ্যমিক পরীক্ষার্থী

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, শ্যামপুর- বাংলা পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। ডান হাতে মারাত্মক চোট পায় ওই পরীক্ষার্থী। পরীক্ষা দেওয়া নিয়ে চিন্তিত ছিল ওই ছাত্র। এমতাবস্থায় স্কুল কর্তৃপক্ষের উদ্যোগে বোর্ড ওই পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করল এবং মঙ্গলবার ওই ছাত্র রাইটারের সাহায্যে ভালোভাবে ইংরেজি পরীক্ষা দিতে সক্ষম হল।

জানা গেছে শ্যামপুর নাওদা নয়নচন্দ্র বিদ্যাপীঠের মাধ্যমিক পরীক্ষার্থী কুন্তল খাঁড়ার সিট পড়েছিল শ্যামপুরের শশাটি নহলা কাঁঠালদহ অবিনাশ হাইস্কুলে। সোমবার পরীক্ষা শেষে সে তার দাদার বাইকে চেপে বাড়ি ফিরছিল। সেই সময় দুরন্ত গতিতে আসা একটি বাইক তাদের বাইকের পিছনে ধাক্কা মারে। বাইক থেকে ছিটকে একটি ঝোপে পড়ে যায় কুন্তল। স্থানীয়রা তাকে সেখান থেকে তুলে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যান। তার ডান হাতের একাধিক জায়গায় কেটে গিয়েছিল। সেখানে সেলাই করতে হয়। এই অবস্থায় তার পক্ষে পরীক্ষা দেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। বিকেলে পরীক্ষার্থীর পরিবারের লোকেরা নয়নচন্দ্র হাইস্কুলের প্রধান শিক্ষক অরুনাভ বাজানীকে বিষয়টি জানান। রাতে আটটা নাগাদ প্রধান শিক্ষক আহত ছাত্রের সমস্ত তথ্য বোর্ডকে জানান। তারপর পরীক্ষার্থীর জন্য রাইটারের ব্যবস্থা করে বোর্ড। এরপর আজ রাইটারের সাহায্যে ইংরাজি পরীক্ষা দেয় কুন্তল। নয়নচাঁদ হাইস্কুলের প্রধান শিক্ষক অরুণাভ বাজানি বলেন বোর্ডকে ধন্যবাদ জানাই তারা কয়েক ঘন্টার মধ্যে কুন্তলের জন্য রাইটারের ব্যবস্থা করে দিয়েছে।


