উলুবেড়িয়ায় বৃদ্ধার সোনার হার ও দুল ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়্- এক বৃদ্ধাকে ছুরি দেখিয়ে গলার সোনার হার ও কানের দুল ছিনতাই করে পালানোর অভিযোগ উঠল দুই দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উলুবেড়িয়া পুরসভার ২৯ নং ওয়ার্ডের যদুরবেড়িয়া কলতলায়। জানা গেছে এদিন ভোরে বাড়ির সামনে ঝাঁট দিচ্ছিলেন বছর ৭০ এর বানী রায়। ভোর ৫ টা নাগাদ একটি বাইকে চেপে দুই যুবক যদুরবেড়িয়ায় এসে বৃদ্ধার কাছে ১৬ নং জাতীয় সড়কের নিমদীঘি কোনদিকে জানতে চায়। অভিযোগ বৃদ্ধা নিমদীঘি মোড় দেখানোর সময় আচমকা ওই যুবক তার সঙ্গে থাকা একটি ছুরি বার করে মহিলার গলায় ঠেকিয়ে সোনার হার ছিনিয়ে নেয়। পরে মহিলার কানের সোনার দুল ও ছিনিয়ে নিয়ে বাইকে চেপে চম্পট দেয়।

পরে রক্তাক্ত মহিলার চিৎকারে পরিবারের লোকজন ও আশেপাশের লোকজন ছুটে এসে তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। মহিলার পরিবার সূত্রে খবর তার বাম কানে ৫ টি সেলাই পড়েছে। গোটা ছিনতাইয়ের ঘটনা সিসিটিভি বন্দী হয়েছে। এদিকে এই ঘটনায় রীতিমত আতঙ্কিত বানী রায়। উলুবেড়িয়া থানার পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার কাজ শুরু করেছে।


