বাগনানে বাস দুর্ঘটনা মৃত ৪ আহত ২৫

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- বৃহস্পতিবার যাত্রীবাহী বাসে লরির ধাক্কায় মৃত্যু হল ৪ জন বাসযাত্রী। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে ১৬ নং জাতীয় সড়কে বাগনান লাইব্রেরী মোড়ে। পুলিশ সূত্রে জানা গেছে মৃতেরা হল কুনাল বসু (৩৬), পুনেন্দু ভৌমিক ( ৩০),সেখ হাসিবুল (৪৬) এবং ঋতম মাঝি (২১)। দুর্ঘটনায় আহত হয়েছেন ২৫ জন বাসযাত্রী। আহতদের মধ্যে ১০ জন উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ ঘাতক লরিটিকে আটক করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে ।

প্রত্যক্ষদশীদের বিবরন অনুযায়ী এদিন সকাল ৭টা ৩০ নাগাদ বাগনান শ্যামবাজার রুটের বাসটি ১৬ নং জাতীয় সড়কের লাইব্রেরী মোড়ে আসে। পরে জাতীয় সড়কে ওঠার সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি লরি সিগন্যাল ভেঙে বাসটিকে ধাক্কা মারে। বাসটি পুরোপুরি ঘুরে যায়। বাস থেকে একাধিক বাসযাত্রী রাস্তায় ছিটকে পড়েন। দূর্ঘটনার পরেই পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে প্রথমে বাগনান গ্রামীন হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুজনকে চিকিৎসক দুজনকে মৃত বলে ঘোষনা করনে। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উলুবেড়িয়া মেডিকেল কলেজে স্থানাতরিত করা হয়। সেখানে একজনের মৃত্যু হয়। পরে বাগনানের একটি বেসরকারি নার্সিং হোমে একজনের মৃত্যু হয়।
এদিন দুর্ঘটনার খবর পাওয়ার পরেই বাগনান হাসপাতালে যান বাগনানের বিধায়ক অরুনাভ সেন। অন্যদিকে উলুবেড়িয়া মেডিকেল কলেজে আহতদের দেখতে পৌছান রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। সঙ্গে ছিলেন উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মন্ডল, উলুবেড়িয়ার এসডিপিও শুভম যাদব। এদিন মন্ত্রী আহতদের চিকিৎসার ব্যাপারে খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।


