ডিজিটাল অ্যারেস্টের নামে প্রতারনা, আসাম থেকে গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া- ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে হাওড়া গ্রামীন জেলার এক ব্যাক্তির কাছ থেকে দফায় দফায় ৪১.৪০ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল প্রতারকদের বিরুদ্ধে। গত ২৫শে এপ্রিল হাওড়া গ্রামীন জেলা পুলিশের সাইবার ক্রাইমে অভিযোগ দায়ের করেছিলেন ওই ব্যাক্তি। সেই অভিযোগের তদন্তে নেমে গত মাসে কর্নাটকের ব্যাঙ্গালরু থেকে বেনু গোপালা এম কে গ্রেপ্তার করেছিল হাওড়া গ্রামীন জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। আর এবার সেই অভিযোগের তদন্তে নেমে আসামের শিলচর থেকে পঞ্চল নাথ এবং শুভম রায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল সাইবার ক্রাইম শাখার আধিকারিকরা।

ধৃতদের শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাদের ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। হাওড়া গ্রামীন জেলা পুলিশের এক কর্তা জানান তদন্তে নেমে পুলিশ এখনোও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করেছে। সেইসঙ্গে তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

