দুটি কচ্ছপ জলাশয়ে মুক্ত করে দেওয়া হল

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- আবারও দুটি তিলকাছিম উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দিলেন উলুবেড়িয়ার পরিবেশকর্মী দেবাশিস সাঁতরা। জানা গেছে রবিবার সকালে বাগনান এন ডি ব্লকের বাসিন্দা গৌতম বসু বাড়ির সামনে একজন অপরিচিত মানুষকে হাতে ব্যাগ নিয়ে ঘোরাঘুরি করতে দেখেন। পরে জানতে পারেন তার কাছে একটা বড়ো সাইজের কচ্ছপ আছে। যেটা সে ৮০০ টাকায় বিক্রি করবে। পরে গৌতম বাবু জানান তিনি কচ্ছপটি কিনতে চান। দরকষাকষিতে ওই ব্যাক্তি ৫০০ টাকায় কচ্ছপটি দিতে রাজি হয়।

পরে তিনি পরিবেশ কর্মী দেবাশিস সাঁতরার সঙ্গে যোগাযোগ করলে দেবাশীষ বাগনানে গিয়ে কচ্ছপটিকে নিয়ে আসেন। অন্যদিকে এদিন উলুবেড়িয়া বানীতলা চেকপোস্টে বাসিন্দা বিমান দাস ১৬ নম্বর জাতীয় সড়কের পাশে একটি তিলকাছিমকে দেখতে পান।পরে তিনি সেটিকে উদ্ধার করে পরিবেশকর্মী দেবাশীষ সাঁতরার সঙ্গে যোগাযোগ করেন এবং দেবাশীষ সেটিকে উদ্ধার করেন। পরে দেবাশীষ কচ্ছপ দুটোকে জলাশয়ের মুক্ত করে দেন।


