বাগনানে সাপকে গেল ব্যাঙ

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- আমরা সবাই জানি সাপের খাদ্য হল ব্যাঙ। যদিও ব্যাঙকেও সাপ খেতে দেখা গেল বাগনানের হাল্যান গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গুজরাট গ্রামে। জানা গেছে এদিন পরিবেশকর্মী পলাশ প্রধান লক্ষ্য করেন বাড়ির পাশে একটি ডোবার ধারে গাছপালার নীচে কিছু নড়াচড়া করছে। তিনি গিয়ে দেখেন একটি পূর্নবয়স্ক সোনা ব্যাঙ একটি হেলে সাপকে গিলে খাচ্ছে। পলাশ ব্যাঙটিকে বিরক্ত না করে গোটা ঘটনা ক্যামেরা বন্দি করেন। পরে তিনি ঘটনাটি বন্যপ্রাণ সংরক্ষণকারী চিত্রক প্রামানিককে জানান।

চিত্রক বলেন, পরিবেশে ব্যাঙের গুরুত্ব অপরিসীম। ব্যাঙ বহু পোকামাকড় খেয়ে, মশা খেয়ে বিভিন্ন পতঙ্গ বাহিত রোগের প্রকোপ কমায়। কিন্তু আমরা ব্যাঙকে তেমন গুরুত্ব দিই না। একটা পূর্নবয়স্ক কোলা ব্যাঙ, সোনা ব্যাঙ কালাচ ও চন্দ্রবোড়ার মতো প্রচুর সাপের ছানা খেয়ে নিয়ে পরিবেশে সাপের সংখ্যা নিয়ন্ত্রণ করে।


