আমতা রাণীহাটি রাস্তায় বাসের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, হাওড়া- বাসের ধাক্কায় এক বাইক আরোহীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল আমতা রানীহাটি রাস্তার লালগেট এলাকা। মঙ্গলবার সকালের এই ঘটনায় ঘাতক বাসটিতে ভাঙচুরের পাশাপাশি পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় উত্তেজিত জনতা। পরে চন্দ্রপুর ফাঁড়ি ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বাইক আরোহীর নাম কিংশুক ভুঁইয়া (২২) বাড়ি রাজাপুর থানার সত্যপীরতলা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন সকালে আমতা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি কারখানার কর্মী কিংশুক ভুঁইয়া বাইকে চেপে নিজের কর্মস্থলে আসছিলেন। সেইসময় লালগেটের কাছে আমতা এয়ারপোর্ট অভিমুখে যাওয়া একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রন হারিয়ে বাইকে ধাক্কা মারে। দূর্ঘটনায় কিংশুক রাস্তায় ছিটকে পড়েন। দূর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আশঙ্কাজনক অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে স্থানীয় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে দূর্ঘটনার পরেই এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা বাসে ব্যাপক ভাঙচুর চালায় এবং রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। পরে চন্দ্রপুর ফাঁড়ি ও জগৎবল্লভপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।


