ঋণ প্রদানকারী সংস্থার কর্মীকে ছুরির আঘাত, গ্রেপ্তার অভিযু্ক্ত

Spread the love

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উদয়নারায়ণপুর- বেসরকারি ঋণ প্রদানকারী সংস্থার কাছ থেকে ঋণ নেওয়া নিয়ে বচসার জেরে ঋণ প্রদানকারী সংস্থার কর্মীর পেটে ছুরি চালানোর অভিযোগ উঠল এক ব্যাক্তির বিরুদ্ধে। আহত কর্মীর নাম সুপ্রিয় কাঁড়ার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানা এলাকায়। ঘটনায় ঋণ প্রদানকারী সংস্থার ওই কর্মী গুরুতর আহত অবস্থায় কলকাতার এস এস কে এম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আহত কর্মীর অভিযোগের ভিত্তিতে পেঁড়ো থানার পুলিশ অভিযুক্ত শ্যাম দুলাল অধিকারীকে গ্রেপ্তার করেছে। ধৃতকে শুক্রবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক তাকে ৩ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

জানা গেছে উদয়নারায়ণপুরের পেঁড়ো থানার মল্লিকচকের বাসিন্দা পেশায় জেরক্স দোকানের মালিক শ্যাম দুলাল অধিকারী বেশ কিছুদিন ধরেই বেসরকারি একটি ঋণ প্রদানকারী সংস্থার কাছে ঋণ নেওয়ার আবেদন করছিল। যদিও এর আগে এই সংস্থা থেকে ঋণ নিয়েও সময়মতো পরিশোধ না করার অভিযোগ উঠেছিল শ্যাম দুলালের বিরুদ্ধে। সেই কারণে তাকে ঋণ দিতে রাজী হচ্ছিলনা সংস্থা। স্থানীয় সূত্রে খবর বৃহস্পতিবার সকালে ঋণ প্রদানকারী সংস্থার কর্মী সুপ্রিয় কাঁড়ার পেঁড়ো থানা এলাকায় টাকা সংগ্রহের কাজে গেলে শ্যাম দুলালের সঙ্গে সুপ্রিয়র বচসা বাধে। অভিযোগ বচসার মাঝেই শ্যাম দুলাল সুপ্রিয়কে ঠেলাঠেলি শুরু করে এমনকি সুপ্রিয় বাধা দিতে গেলে সে দোকান থেকে একটা ছুরি এনে সুপ্রিয়র পেটে চালিয়ে দেয় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহত সুপ্রিয়কে প্রথমে স্থানীয় চিকিৎসা কেন্দ্রে পরে তাকে কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি করে। পরে সুপ্রিয়র অভিযোগের ভিত্তিতে পেঁড়ো থানার পুলিশ অভিযুক্ত শ্যাম দুলাল অধিকারীকে গ্রেপ্তার করে।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *