হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, বাগনান- হাসপাতালে বসেই জীবনের প্রথম বড় পরীক্ষা দিল এক মাধ্যমিক পরীক্ষার্থী। শুক্রবার ঘটনাটি ঘটেছে বাগনানে। বতর্মানে ছাত্রীটি বাগনান গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। আগামীকাল শনিবারও হাসপাতাল থেকেই তার পরীক্ষা দেওয়ার কথা। প্রশাসন সূত্রে জানা গেছে বাগনান আদর্শ বালিকা বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী অঙ্কিতা খাঁয়ের মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে বাঙালপুর ইউনিয়ন চমৎকারী হাই স্কুলে। শুক্রবার সকালে বীরশিবপুরের বাসিন্দা অঙ্কিতা বাইকে চেপে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।বাগনানের আমতা মোড়ে তাদের বাইকের সামনে থাকা অন্য একটি মোটরবাইকের পিছনে ধাক্কা লাগে। আহত হয় অঙ্কিতা।

পুলিশ দ্রুত তাকে বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দিলে পুলিশ তাকে নিজেদের অ্যাম্বুলেন্স করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যায়। সেখানে বসেই পরীক্ষাও দিচ্ছিল অঙ্কিতা। যদিও ১১.১৫ মিনিট নাগাদ পুনরায় অসুস্থ বোধ করে ওই ছাত্রী। স্কুল কর্তৃপক্ষ, পুলিশ, ব্লক প্রশাসনের সহায়তায় ফের ছাত্রীকে দ্রুত বাগনান গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। ব্যবস্থা হয় পুলিশি প্রহরার। হাসপাতালে বসেই বাংলা পরীক্ষা দেয়। প্রশাসন সূত্রে খবর চিকিৎসকের পরামর্শ মত তাকে পরীক্ষার পরেও হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। শনিবারও সে হাসপাতালে থেকেই সম্ভবত পরীক্ষা দেবে।


