উলুবেড়িয়ায় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস পালন

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বুধবার হাওড়া গ্রামীন জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের ২৮ তম প্রতিষ্ঠা দিবস পালন হল। এদিন সকালে উলুবেড়িয়া পুরসভার ২৭ নং ওয়ার্ডের উলুবেড়িয়া ষ্টেডিয়াম মাঠের কাছে দলের প্রতিষ্ঠা দিবসে উপস্থিত ছিলেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। মন্ত্রী দলীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি শহীদ বেদীতে মাল্যদান ছাড়াও প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে শ্রদ্ধা জানান। পরে তিনি কেকে কেটে, পায়রা উড়িয়ে এবং শীতবস্ত্র বিতরন করেন।

এদিনের এই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক বিদেশ বসু, উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ, শ্যামপুর ২ নং পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধক্ষ্য দীপক দাস সহ অন্যান্যরা। অন্যদিকে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে আমতা বিধানসভার সাবসীট গ্রাম পঞ্চায়েতের নির্দল পঞ্চায়েত সদস্য শম্ভুনাথ সহ শতাধিক কর্মী এবং বিভিন্ন রাজনৈতীক দলের কয়েকজন প্রার্থী সহ দুই শতাধিক কর্মী তৃণমূলে যোগ দিল। এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন আমতার বিধায়ক সুকান্ত পাল। অন্যদিকে শ্যামপুরের বারগ্রামে তৃণমূলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৩৪২ জন রক্তদান করেন।


