হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যেগে ম্যারাথন দৌড়
????????????

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪, উলুবেড়িয়া- মাঠে ফিরুন। নিজেকে ভালো রাখুন এবং সমাজকে ভালো রাখুন। রবিবার সকালে পুলিশ কর্মীদের উদ্দেশ্যে এই বার্তা দিলেন হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সুপার সুবিমল পাল। এদিন হাওড়া গ্রামীণ জেলা পুলিশের উদ্যোগে উলুবেড়িয়া থানার নতুন ভবনের সামনে থেকে উলুবেড়িয়া স্টেডিয়াম পর্যন্ত এক ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়েছিল। যার পোশাকি নাম দেওয়া হয়েছিল ফিট কপ রান। এদিনের এই ম্যারাথন দৌড়ে পুলিশের সর্বস্তরের কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার মিলিয়ে ৩০০ জন অংশ নেয়। কর্মীদের উৎসাহ দিতে এদিনের এদিনের ম্যারাথন দৌড়ে পুলিশ সুপার সুবিমল পাল, অতিরিক্ত পুলিশ সুপার জন এলেন জর্জ সহ অন্যান্য পুলিশ আধিকারিকরাও অংশ নিয়েছিল।

দৌড়ের শেষে সফল অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস, ভাইস চেয়ারম্যান ইনামুর রহমান সহ অন্যান্যরা। এদিন মন্ত্রী পুলক রায় বলেন পুলিশ কর্মীরা মানুষের পাশে থেকে যেরকম তাদের দায়িত্ব-কর্তব্য পালন করেন সেই রকম তাদের শরীর মন ও ভালো রাখতে হয়।। জেলার পুলিশ সুপার সুবিমল পাল জেলার দায়িত্ব নেওয়ার পর থেকে মানুষের বন্ধু হিসাবে কাজ করে চলেছেন। পুলিশ কর্মীদের নিয়ে ফুটবল প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা করছেন। সেইসঙ্গে সাধারণ মানুষকে নিয়েও একাধিক কাজ করছেন পুলিশ সুপার। যেমন বৃদ্ধ-বৃদ্ধাদের একাকীত্ব কাটাতে পুলিশ ইতিমধ্যেই আশ্বাস প্রকল্প চালু করেছেন। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানান মন্ত্রী পুলক রায়। অন্যদিকে জেলা পুলিশ সুপার সুবিমল পাল জানান । আমাদের কাছে সবকিছু থাকলেও যদি শরীর ঠিক না থাকে তাহলে সব শূন্য। আজকের এই সুন্দর সকালে সবাই একসাথে রাস্তায় ছুটবো পুলিশের সকল শ্রেণীর কর্মীদের মধ্যে এই বার্তা দিতেই আজকের এই দৌড়ের আয়োজন। আমাদের শরীরের ফিটনেস কেন দরকার এবং নিজেকে কেন ফিট রাখতে হবে সমাজকে এই বার্তা দিতেই আজকের এই দৌড়ের আয়োজন। জীবনে সুখ দুঃখ অভাব অনটন থাকবে কিন্তু তার মধ্যে শরীর কে সুস্থ রেখে আমাদের এগিয়ে যেতে হবে। খেলাধুলা দৌড় এর মধ্যে কোন টেনশন নেই ভয় ভীতি নেই বলে জানান পুলিশ সুপার। এদিনের এই অনুষ্ঠানে বৃদ্ধ-বৃদ্ধাদের হাতে নতুন কম্বল তুলে দেওয়া হয়।


