চোলাই মদের বিরুদ্ধে উলুবেড়িয়ায় বড়সড় অভিযান পুলিশের

নিজস্ব প্রতিনিধি, হাওড়া নিউজ ২৪. উলুবেড়িয়া- রাত পোহালেই নতুন বছর। আর বর্ষবরণের আগে বুধবার সন্ধ্যায় উলুবেড়িয়ায় বেআইনি চোলাই মদের বিরুদ্ধে বড়সড় অভিযান করল হাওড়া গ্রামীণ জেলা পুলিশ। এদিন বিকেলে হাওড়া গ্রামীণ জেলা পুলিশের একটি বিশেষ টিম উলুবেড়িয়ার মদাই এলাকায় বেআইনি চোলাই মদের ভাটিতে অভিযান চালায়। ভেঙে দেওয়া হয় একাধিক চোলাই মদের ভাটি। সেখানে থাকা প্রায় চার হাজার লিটার চোলাই মদ পুলিশ নষ্ট করে দেয়। পাশাপাশি প্রায় কুড়ি হাজার লিটার ফারমেন্টেড ওয়াশ বাজেয়াপ্ত করে পুলিশ।

এদিনের এই অভিযানে পুলিশ চোলাই মদ পাচারের কাজে ব্যবহৃত একটি নৌকা আটক করে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশ সূত্রে খবর উদ্ধার হওয়া এবং নষ্ট করে দেওয়া চোলাই মদের বাজার মূল্য আনুমানিক ৭০ লক্ষ টাকা। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা জানান আগামী দিনেও এই বেআইনি চোলাই মদের বিরুদ্ধে অভিযান চলবে।


